ঢাকা     সোমবার   ০৯ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৪ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রংপুরে ভেজাল জুস ও শিশু খাদ্য উদ্ধার, জরিমানা

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ৯ মার্চ ২০২৬  
রংপুরে ভেজাল জুস ও শিশু খাদ্য উদ্ধার, জরিমানা

অভিযানে ভেজাল জুস ও শিশু খাদ্য উদ্ধার করা হয়।

রংপুর নগরীতে ভেজাল জুস ও শিশু খাদ্য মজুদ এবং বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানের ডিলারকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৯ মার্চ) দুপুরে নগরীর ৩০ নং ওয়ার্ডের কুটিপাড়া এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের যৌথ অভিযানে এ সব ভেজাল পণ্য ধরা পড়ে। অভিযানে বিপুল পরিমাণ শিশু খাদ্য ও জুস উদ্ধার করে তা ধ্বংস করা হয়।

আরো পড়ুন:

অভিযানে অনুমোদন ছাড়াই শিশু খাদ্য ও জুস বাজারজাত করার অভিযোগে নিরাপদ খাদ্য আইনে অনুমোদনহীন কোম্পানির ডিলার দানেস মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও পাশে অবস্থিত রুমান ট্রেডার্স নামে প্রতিষ্ঠানের গুদাম ঘরে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ কিছু শিশু খাদ্য ও অনুমোদন সংক্রান্ত কাগজপত্রে অসঙ্গতি দেখতে পায় ভোক্তা অধিকার। এ কারণে সংশ্লিষ্ট ডিলার আঙ্গুর মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল ও অনুমোদনহীন খাদ্যপণ্য বাজারজাতের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/আমিরুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়