নড়াইলে যুবদল কর্মী হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নয়ন ফকির ওরফে আশিক (বাঁয়ে)।
নড়াইলের লোহাগড়া উপজেলায় যুবদল কর্মী সালমান খন্দকার (২৫) হত্যা মামলায় নয়ন ফকির ওরফে আশিক (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (৫ এপ্রিল) সকােলে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বলেন, যুবদল কর্মী হত্যার সঙ্গে জড়িত নয়ন ফকির ওরফে আশিককে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।”
গ্রেপ্তার নয়ন ফকির ওরফে আশিক একই গ্রামের করিম ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে লোহাগড়া থানার এসআই তারক বিশ্বাস ফোর্স নিয়ে গন্ডব গ্রামে অভিযান চালান। এসময় সালমান হত্যায় জড়িত থাকার অভিযোগে নয়ন ফকির ওরফে আশিককে নিজ বাড়ির পাশ থেকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ৮ মে রাতে সালমান খন্দকার ও তার বন্ধুরা মিলে উপজেলার রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করেন। সেখান থেকে রাতে বাড়িতে ফেরেন সালমান। কিছুক্ষণ পর আবার বাড়ি থেকে বের হয়ে যান তিনি। সকালে কাউলডাঙ্গা বিলের মধ্যে একটি লাশ দেখতে পান স্থানীয় লোকজন। সালমানের পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং তার পরিচয় শনাক্ত করেন।
এ ঘটনায় নিহত সালমানের ছোট ভাই নাহিদ খন্দকার ২০ জনকে আসামি করে লোহাগড়া থানায় হত্যা মামলা করেন।
ঢাকা/শরিফুল/মাসুদ
নিখোঁজ পাইলটকে উদ্ধারে আসা মার্কিন বিমান ধ্বংসের দাবি ইরানের