জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপ পাবে কেরাণীগঞ্জে
হাসান/আসাদ/নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম
সচিবালয় প্রতিবেদক : পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাস রেখে কেরাণীগঞ্জে বিশ্ববিদ্যালয়টির পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে।
সোমবার বিকেল ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান।
শিক্ষামন্ত্রী জানান, কেরাণীগঞ্জে আগে ২৫ বিঘা জমি কেনা হয়েছে। সেখানে আরো ৫০ বিঘা জমি কেনার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ছাত্রাবাসসহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হবে। এ ক্ষেত্রে সরকার মহাপরিকল্পনা গ্রহণ করবে। পরিকল্পনা অনুযায়ী কাজ হবে।
তিনি বলেন, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেখানে আছে, সেখানে এর অবকাঠামো এবং কার্যক্রম ঠিক রেখে অবকাঠামোগত সম্প্রসারণের কাজ হবে কেরাণীগঞ্জে।
মন্ত্রী বলেন, ৫০ বিঘা বাড়তি জমি কেনার প্রক্রিয়া চলমান। স্থানীয় সংসদ সদস্যকে এরইমধ্যে যাবতীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রী বলেন, কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল নির্মাণে ২৫ বিঘা জমি ইতোমধ্যে কেনা হয়েছে। সেখানে ১০ তলা একটি ভবন হবে। ওই ভবনে এক হাজার ছাত্রের আবাসনের ব্যবস্থা হবে। ওই জমির আশপাশে আরো জমি আছে। বিশ্ববিদ্যালয়টির জন্য আর যে যে স্থাপনা তৈরি করা দরকার, তা ওই একই এলাকায় নির্মাণ করা হবে।
এ ছাড়া ছাত্র-ছাত্রীদের হল, শিক্ষকদের আবাসিক ভবন, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ল্যাবরেটরি, লাইব্রেরিসহ বিভিন্ন ভবন নির্মাণ করা হবে।
তিনি আরো বলেন, একটি অখণ্ড জমিতে ছাত্র-ছাত্রী হল, প্রশাসনিক ভবন, টিএসসিসহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য যা যা দরকার, তা করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, মন্ত্রিসভার এ সিদ্ধান্তের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সবাই খুশি হবেন। এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কেরানীগঞ্জ ছাড়া আর কোথাও জমি কেনা হবে না।
এ সময় শিক্ষা সচিব মো. সোহরাবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাইজিংবিডি/ঢাকা/৫ সেপ্টেম্বর ২০১৬/হাসান/আসাদ/নঈমুদ্দীন/বকুল
রাইজিংবিডি.কম
আদানির সঙ্গে চুক্তি সংশোধনের বিষয়টি বিবেচনাধীন: জ্বালানিমন্ত্রী