ছবিতে হাবু ভাই’র বিয়ে
ব্যাচেলর তকমা মুছে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘হাবু ভাই’খ্যাত অভিনেতা চাষী আলম। তার স্ত্রীর নাম তুলতুল ইসলাম মোহনা। শুক্রবার (২৬ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
দুই পরিবারের সদস্যরা ছাড়াও বর-কনের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধরা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তা ছাড়াও শোবিজ অঙ্গনের অনেকে গায়েহলুদ ও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ তালিকায় রয়েছেন— ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পরিচালক কাজল আরেফিন অমি, আদনান আল রাজীব, গায়িকা দিলশাদ নাহার কনা, অভিনেতা অনিক, শিমুল শর্মা, অভিনেত্রী পারসা ইভানা প্রমুখ।
বিয়ের পর কতটা বদলে গেছেন চাষী আলম? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি বিয়ের পরও বলছি, সেই আগের মতোই আছি। শুধু একটু পরিবর্তন, চার সদস্যের আমার পরিবারে একজন সদস্য বেড়েছে। এখন আমরা পাঁচজন হয়ে গেলাম। মনে হচ্ছে এত অল্প সময়েই আমার বউ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মিশে গেছে। আমার ছোট বোনের সঙ্গে ওর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে।’
আড্ডা-হইচই করতে ভালোবাসেন চাষী আলম। রাতে দেরি করে বাসায় ফেরারও অভ্যাস আছে তার। এ বিষয়ে চাষী আলম বলেন, ‘আমি বিয়ের আগেই বউকে অনুরোধ করে বলেছিলাম, বিয়ের পর আমি আগের মতো থাকতে চাই। আমার বউয়েরও চাওয়া, আমি আগে যেমন ছিলাম, তেমনি যেন থাকি। সেও মনে করে হইহুল্লোড়, আড্ডা—এগুলো জীবনে বেঁচে থাকার অংশ। তাই কোনো পরিবর্তন হওয়া যাবে না।’
স্ত্রী তুলতুলের প্রশংসা করে চাষী আলম বলেন, ‘সৃষ্টিকর্তা তুলতুলকে আমাকে মিলিয়ে দিয়েছেন। আমার বউটা লক্ষ্মী। সে খুবই আধুনিক এবং স্টাইলিস্ট। আমার মনে মতো।’
স্ত্রী তুলতুল তো চাষী আলমের অভিনয়ের ভক্ত। তাছাড়া তার শ্বশুর-শাশুড়িও চাষী আলমের অভিনয়ের ভক্ত। চাষীর ভাষায়— ‘‘বউ আমাকে ‘হাবু ভাই’ বলেই ডাকে।’’
কাজল আরেফিন অমি পরিচালিত বহুল আলোচিত টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’। ২০১৯ সালের শেষের দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয়। এ সিরিজে ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করে নজর কাড়েন চাষী। তা ছাড়াও এ নির্মাতার ‘কিডনি’, ‘ফিমেল’, ‘ফিমেল টু’ এবং ‘ফিমেল থ্রি’ নাটকে অভিনয় করে দারুণ সাড়া ফেলেন চাষী।
ঢাকা/শান্ত
আদানির সঙ্গে চুক্তি সংশোধনের বিষয়টি বিবেচনাধীন: জ্বালানিমন্ত্রী