ঢাকা     শুক্রবার   ০১ মে ২০২৬ ||  বৈশাখ ১৮ ১৪৩৩ || ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে হবে’

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ৩১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে হবে’

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার কাজের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। সে অনুপাতে কর্মকর্তাদের দক্ষতাও বাড়াতে হবে।

তিনি বলেন, কর্মতারা নিজেদেরকে ভালভাবে প্রস্তুত করতে হবে এবং আন্তরিকতার সঙ্গে কাজ সম্পাদন করতে হবে। একটি লক্ষ্য অর্জনের জন্য সবাই মিলে কাজ করতে হবে।

মঙ্গলবার ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের অর্ধবার্ষিক পরিবীক্ষণ প্রতিবেদন প্রকাশ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এর ই-ফাইল কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মাউশির মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং (এমইডব্লিই) এ পরিবীক্ষণ প্রতিবেদন প্রণয়ন করেছে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রযুক্তি ব্যবহার করে দ্রুত কাজ সম্পন্ন করতে হবে। প্রযুক্তির ব্যবহার কাজের গতি বাড়ায়। প্রযুক্তি এখন মানুষের বড় হাতিয়ার। কম সময়ে কাজ সম্পন্ন করার জন্য এর ব্যবহার করতে হবে। ই-ফাইলিং এক্ষেত্রে সহায়ক হবে।

তিনি প্রকল্পগুলোর অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন। প্রকল্পের কাজে ধীরগতির কারণ সুনির্দিষ্টভাবে মূল্যায়ন ও পরিবীক্ষণ প্রতিবেদনে তুলে ধরার জন্যও তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, সেকায়েপ প্রকল্পের পরিচালক ড. মো. মাহামুদ উল হক, মাউশির পরিচালক (মাধ্যমিক) এলিয়াছ হোসেন এবং এমইডব্লিইয়ের পরিচালক ড. মো. সেলিম মিয়া বক্তব্য রাখেন।

এর আগে মন্ত্রী মাউশির ই-ফাইল কার্যক্রম উদ্বোধন করেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন ১৩টি প্রকল্পের অর্ধবার্ষিক পরিবীক্ষণ প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন।



রাইজিংবিডি/ঢাকা/৩১ জানুয়ারি ২০১৭/ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়