শিক্ষার্থীদের ভোটে অংশ নিতে বাস দিবে কুবি
কুবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ভোটাধিকার নিশ্চিত করতে বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস দিবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাস সার্ভিস চালুর ঘোষণা দেন কুবির উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব শিক্ষার্থী নিজ নিজ বিভাগীয় শহরে গিয়ে ভোট প্রদান করতে ইচ্ছুক, তাদের নাম, বিভাগ, সেশন, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর ও স্থায়ী ঠিকানা উল্লেখ করে জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে রেজিস্ট্রার দপ্তরে আবেদন জমা দিতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতেই বাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট শহরের জন্য একটি বাস দেওয়ার মতো পর্যাপ্ত শিক্ষার্থী আবেদন করলে বাস সরবরাহে কোনো সমস্যা থাকবে না। তবে কোনো শহরে যদি মাত্র কয়েকজন শিক্ষার্থী আবেদন করেন, সে ক্ষেত্রে আলাদা করে একটি বাস দেওয়া সম্ভব হবে না। আজ বিকাল ৫টা অথবা আগামীকাল সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য জমা দিলে আগামীকাল বিকেলেই বাস সার্ভিস প্রদান করা হবে।”
গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর ভোট দিতে বিভাগীয় শহরে বাস চেয়ে স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।
ঢাকা/এমদাদুল/জান্নাত