ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেক্ষাগৃহে আসছে ‘সাপলুডু’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রেক্ষাগৃহে আসছে ‘সাপলুডু’

বিনোদন প্রতিবেদক: নির্মাতা গোলাম সোহরাব দোদুল নির্মাণ করেছেন ‘সাপলুডু’ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এরই মধ্যে সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত। আগামী ২৭ সেপ্টেম্বর দেশের ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এটি।

সিনেমাটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। সিনেমাটির প্রযোজক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা সিনেমা হল মালিকদের কাছে থেকে দারুণ সাড়া পাচ্ছি। গত এক মাস ধরেই তারা আমাকে ফোন করছেন। সিনেমাটি কবে রিলিজ হবে তা জানতে চাইছেন। আমরা আসলে কিছু পলিসি নিয়ে চলি। বিগত দিনেও আমাদের চলচ্চিত্র দর্শকনন্দিত হয়েছে। সেই জায়গা থেকে প্রথম সপ্তাহে দেশে ২৫টি প্রেক্ষাগৃহের বেশি আমরা যাব না। পরবর্তীতে দর্শক আগ্রহের জায়গা থেকে হলের সংখ্যা বাড়াব। কিন্তু ২৫টি হল ধরে ভালো ক্যাম্পেইন করে শুরুটা করতে চাই।’

কারণ হিসেবে সৈয়দ আশিক রহমান বলেন, ‘‘অনেক সময় দেখা যায় সঠিক ক্যাম্পেইনের অভাবে দর্শক সিনেমা সম্পর্কে জানতে পারেন না কিংবা সিনেমা হলে যান না। দর্শকের কাছে সিনেমা সম্পর্কে তথ্যও থাকে না। সে কারণে আমরা ক্যাম্পেইনের দিকে গুরুত্ব দিচ্ছি। আমাদের আগের সিনেমা ‘যদি একদিন’ টানা তিন মাস প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে। ফলে ‘সাপলুডু’ নিয়েও আমাদের চমকপ্রদ ক্যাম্পেইন চলবে।’’

দেশের বাইরে সিনেমাটির মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমরা ‘আইম্যাক্স’ বা ‘সিনেপ্লেক্স’-এর সঙ্গে যেভাবে চুক্তি করি। তারাও একই পলিসিতে আমেরিকা ও নর্থ আমেরিকায় একযোগে মুক্তি দেবে ‘সাপলুডু’। এছাড়া অস্ট্রেলিয়াতেও একইভাবে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছে। সামনে আমরা বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানাব। এখন সেন্সর কপির জন্য অপেক্ষা করছি। আশা করছি, শিগগির সেন্সর কপি পেয়ে যাব। আমরা সরকারি নিয়ম কানুন মেনেই সব কাজ করব।’’

সিনেমাটির পরিচালক গোলাম সোহরাব দোদুল বলেন, ‘সাপলুডুর শুটিংয়ের শুরু  থেকে পজিটিভ রেসপন্স পাচ্ছি। বিশেষ করে টিজার, ট্রেইলার প্রকাশের পর অনেক পরিবেশনা প্রতিষ্ঠান থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। সিনেমা হল মালিকরাও চলচ্চিত্রটি প্রদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের এক ধরনের পরিকল্পনা রয়েছে মুক্তি নিয়ে। তারা প্রথম সপ্তাহে দেশে ২৫টির বেশি সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি দিতে চাইছেন না। ধীরে ধীরে সারাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে চাচ্ছেন। আমার বিশ্বাস, গল্প এবং তারকা নির্ভর সিনেমাটি সবার ভালো লাগবে।’

অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটির শুটিং ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বেশ কিছু লোকেশনে করা হয়েছে। আরিফিন শুভ-বিদ্যা সিনহা মিম ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে।

 

রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়