ঢাকা     মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বৃহস্পতিবার শুরু হচ্ছে লেদারটেকের ষষ্ঠ আসর

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ১৯ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃহস্পতিবার শুরু হচ্ছে লেদারটেকের ষষ্ঠ আসর

অর্থনৈতিক প্রতিবেদক : চামড়া ও চামড়াজাত শিল্পের সর্বাধুনিক বৈশ্বিক প্রযুক্তি তুলে ধরতে বৃহস্পতিবার (২২ নভেম্বর) শুরু হচ্ছে চামড়া শিল্পের সবচেয়ে বড় ট্রেড শো ‘লেদারটেক বাংলাদেশ ২০১৮’।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরায় ষষ্ঠবারের মতো তিন দিনব্যাপী এ ট্রেড শো হবে। এতে বাংলাদেশের চামড়া, চামড়াজাত পণ্য এবং ফুটওয়্যার শিল্পের জন্য প্রয়োজনীয় মেশিনারিজ, কম্পোনেন্ট, কেমিক্যাল এবং অ্যাকসেসরিজসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও স্থানীয় প্রযুক্তি তুলে ধরা হবে।

একই সঙ্গে লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার মেনুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ দ্বিতীয়বারের মতো আয়োজন করছে বাংলাদেশ লেদারফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-২০১৮।

চামড়া খাতের শীর্ষ ব্যক্তিদের উপস্থিতিতে প্রদর্শনীর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সোমবার রাজধানীর কাওরানবাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা জানান আয়োজক সংস্থা আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আইসিসিবির চারটি হলে আন্তর্জাতিক এ প্রদর্শনীতে বিশ্বের ২০টি দেশের ৩০০টিরও বেশি প্রতিষ্ঠান ফিনিশড লেদার, ট্যানিং লেদারের জন্য মেশিনারি, ম্যানুফ্যাকচারিং ফুটওয়্যার, চামড়াজাত পণ্যসহ এর সংশ্লিষ্ট প্রযুক্তি উপস্থাপন করবে। অংশগ্রহণকারী প্যাভিলিয়নগুলোর একটি বড় অংশজুড়ে থাকবে ভারত ও চীনের বিভিন্ন কোম্পানি।

আগের আসরগুলোর ধারাবাহিকতায় এবারের প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, চীন, কোরিয়া, তুরস্ক, মিশর, ভিয়েতনাম, যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, ইতালি, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, তাইওয়ান, হংকংসহ প্রায় ২০টি দেশের তিন শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

প্রদর্শনী চলাকালে অংশগ্রহণকারীরা যাতে বিভিন্ন কারখানার সোর্সিং টিমগুলোর সঙ্গে সঠিক যোগাযোগ তৈরি করতে পারে সেজন্য ২২ থেকে ২৩ নভেম্বর ‘বায়ার-সেলার মিট’ এর মতো ছোট ছোট আয়োজন থাকবে।

এছাড়া প্রদর্শনীর শেষ দিন ২৪ নভেম্বর ‘ফিউচার অব ফুটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রডাকশন কন্ট্রোল অ্যান্ড কস্ট’ শীর্ষক সেমিনার হবে।

আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের পরিচালক নন্দ গোপাল বলেন, টানা ষষ্ঠবারের মতো অনুষ্ঠিতব্য লেদারটেক বাংলাদেশের ব্যাপ্তি বিবেচনায় চামড়া খাতের জন্য এটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ টেকনোলজি এবং সোর্সিং ট্রেড শোতে পরিণত হয়েছে। ধারাবাহিক বিকাশ এবং সরকারের সার্বিক সহযোগিতা আর অনুপ্রেরণায় চামড়া খাত ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করতে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে চামড়া খাতের পরিসর যেমন বাড়ছে, তেমনই বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়ছে। এ ট্রেড শো টেকনোলজি এবং মেশিনারি, ফিনিশড লেদার সোর্সিংয়ের জন্য এ শিল্পের বিস্তার এবং আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় সবকিছু তুলে ধরবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) নির্বাহী পরিচালক কাজী রওশন আরা, মো. সাইফুল ইসলাম প্রমুখ।

আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং কৌশলগত অংশীদার সেন্টার অব এক্সিলেন্স ফর লেদার স্কিল বাংলাদেশ লিমিটেড। অন্যান্য পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছে- বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেনারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি, লেদার ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনোলজি সোসাইটি।

প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিনামূল্যে সবার জন্য প্রদর্শনিটি উন্মুক্ত থাকবে।




রাইজিংবিডি/ঢাকা/১৯ নভেম্বর ২০১৮/নাসির/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়